আহত ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন ওই ব্যক্তি।
কলকাতার রাস্তায় প্রকাশ্যে গুলি। শনিবার মধ্যরাতে জোড়াবাগান এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, পোস্তা এলাকায় পিকে ঠাকুর ঘাটের সামনে ঘটনাটি ঘটে। অভিযুক্ত অমিত সোনকার ওরফে কার্তিক শনিবার রাত ১২টা ০৫ মিনিট নাগাদ ওই ঘাটের সামনে আসেন। তাঁর সঙ্গে কয়েক জন বন্ধু ছিলেন। সেখানেই সন্তোষ চৌধুরী নামে ব্যক্তির সঙ্গে বচসায় জড়ান অমিত। বচসার মাঝে আচমকাই সন্তোষকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ।
স্থানীয়দের নজরে আসতেই তাঁরা তাড়া করে যান। ঘটনাস্থল ছেড়ে পালান অমিতেরা। জখম অবস্থায় সন্তোষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, সন্তোষের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আক্রান্তের আত্মীয় আকাশ চৌধুরী ঘটনা সম্পর্কে জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে জোড়াবাগান থানার পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা এবং অস্ত্র আইনের ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
কেন এই হামলা? পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদে জেরে এই হামলা হতে পারে। তবে নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের সঙ্গে আক্রান্তের কী সম্পর্ক ছিল, সেই সব দিকও রয়েছে তদন্তকারীদের আতশকাচের নীচে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অমিত। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।